কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা সরকারের নজরে এসেছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস শুরু থেকেই চলে আসছে। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীর অপতৎপরতা বরদাশত করা হবে না। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং নাগরিক হত্যার সঙ্গে জড়িতদের কোনো কর্মকাণ্ড বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার।
সংবিধান সংশোধন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান সংশোধনের মাধ্যমেই অন্তর্বর্তী সরকার ফিরবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৬ সালে সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আগেই কেন্দ্রীয়ভাবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে সরকার।
অনেক বছর পর দেশে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হওয়ায় পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


















