নীলফামারী, জামালপুর, বরগুনা ও মুন্সীগঞ্জের পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে নেত্রকোণার পুলিশ সুপারকে সিআইডিতে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া এসআরবির উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার পুলিশ সুপার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করে মুন্সীগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে জামালপুরের পুলিশ সুপার এবং এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে, নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


















