ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার রাতে ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান এই ঘোষণা দেন।
শুক্রবার গভীর রাতে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। রোকেয়া হল ও সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরাও তালা ভেঙে মিছিলে যোগ দেন। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে উপাচার্য, দুই উপ-উপাচার্য এবং প্রক্টর উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
উপাচার্য জানান, ১৭ জুলাই শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত হয়েছিল, তা বহাল থাকবে। তিনি বলেন, “নিবর্তনমূলক রাজনীতি আমরা চাই না, গণরুমের জন্ম দেয় এমন রাজনীতি এই ক্যাম্পাসে চলবে না।”
এদিকে, প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, শনিবার সকাল ১১টায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি ছাত্রদলসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গেও বৈঠক হবে।
প্রসঙ্গত, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা হলে ছাত্রলীগকে বের করে দিয়ে প্রাধ্যক্ষদের কাছ থেকে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত আদায় করেছিলেন।



















