জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, জাতিসংঘে ড. ইউনূস তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসের কার্যক্রম, চ্যালেঞ্জ মোকাবিলা এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি তুলে ধরবেন। পাশাপাশি জিওপলিটিক্যাল ইস্যুগুলোও তার বক্তব্যে স্থান পাবে।
শফিকুল আলম জানান, ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি “ফাউন্ডেশনাল ও উৎসবমুখর নির্বাচন”। তিনি জোর দিয়ে বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবেই।”
বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং একজনকে আটকও করা হয়েছে।
আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, গুম-খুন ও ভুয়া মামলার মতো কর্মকাণ্ডে আওয়ামী লীগের ইতিহাস রয়েছে। তবে এখন তারা রাস্তার পর্যায়ে নেমে এসেছে বলে মন্তব্য করেন তিনি।



















