সার আমদানিতে দীর্ঘদিনের সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে জানিয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই এবং কোনো অবস্থাতেই সারের দাম বাড়বে না।
বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া বকেয়া পরিশোধ করে চাহিদামতো সার আমদানি ও সরবরাহ করা হয়েছে। আসন্ন মৌসুমেও ঘাটতি এড়াতে আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বৈশ্বিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সার আমদানি হবে। তবে দেশীয় বাজারে কোনোভাবেই দাম বাড়বে না। এমনকি গ্যাসের দাম বৃদ্ধি পেলেও সারের মূল্য অপরিবর্তিত থাকবে।
উপদেষ্টা বলেন, কৃষি খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে রূপান্তর করতে সরকার কাজ করছে। খাদ্য নিরাপত্তা ও কৃষকের জীবনমান উন্নয়নই সরকারের অগ্রাধিকার।



















