দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি আসন্ন জাতীয় নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতি, বিএনপির মনোনয়ন কৌশল ও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কখনোই পেশিশক্তি, টাকার প্রভাব বা পারিবারিক বিবেচনায় প্রার্থী মনোনয়ন দেয়নি, ভবিষ্যতেও দেবে না। বরং প্রার্থীর জনপ্রিয়তা, এলাকার সঙ্গে সম্পর্ক এবং জনগণের কল্যাণে কাজের সক্ষমতাকেই তারা প্রাধান্য দেয়।
তারেক রহমান বলেন, “আমরা চাই এমন প্রার্থী, যার সঙ্গে এলাকার সব শ্রেণির মানুষের যোগাযোগ আছে এবং যিনি জনগণের আস্থা অর্জন করেছেন।”
তৃণমূলের মতামতের গুরুত্ব নিয়েও তিনি বলেন, “গণতন্ত্রে ভিন্নমত স্বাভাবিক, তবে আমরা যেখানে সংখ্যাগরিষ্ঠের মত পাই, সেটিকেই গুরুত্ব দিই।”
সম্ভাব্য নতুন জোট প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “যে কোনো দল সংবিধান ও আইন মেনে রাজনীতি করলে উদ্বেগের কিছু নেই। নির্বাচন মানেই প্রতিযোগিতা—এটাই গণতন্ত্রের স্বাভাবিক রূপ।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় প্রতিযোগিতামূলক নির্বাচন করেছে, এবারও করবে। জনগণের অংশগ্রহণই আমাদের প্রধান শক্তি।”



















