হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ সহায়তা ঘোষণা করেছে সরকার। আগামী তিন দিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রবিবার বিমানবন্দরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় বহুমুখী তদন্ত চলছে। কারও কোনো দায়িত্বে অবহেলা বা অনিয়ম আছে কি না, তা গভীরভাবে যাচাই করা হচ্ছে।”
তিনি আরও জানান, আগুন লাগার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার স্টেশনের কর্মীরা নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। পরিস্থিতি দ্রুত সামাল দিতে সব সংস্থাই সমন্বিতভাবে কাজ করেছে।
উল্লেখ্য, শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ বিভিন্ন বাহিনী।



















