জেন–জি প্রজন্মের তরুণদের আন্দোলনের মুখে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া মাদাগাস্কারের নেতা কর্নেল মাইকেল র্যান্দ্রিয়ানিরিনা সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। ব্যবসায়ী ও পরামর্শক হেরিনসালামা রাজাওনারিভেলোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এর আগে গত শুক্রবার র্যান্দ্রিয়ানিরিনা দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। দেশজুড়ে শুরু হওয়া জেন-জি নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের পাশে দাড়িয়েছিলেন এই সামরিক কর্মকর্তা। পরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ফ্রান্সের সামরিক বাহিনীর উড়োজাহাজে দেশ ছাড়তে বাধ্য হন।
নতুন প্রধানমন্ত্রী রাজাওনারিভেলোকে নিয়োগের কারণ ব্যাখ্যা করে র্যান্দ্রিয়ানিরিনা বলেন, তার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।
এদিকে, নির্বাসনে থাকা সাবেক প্রেসিডেন্ট রাজোয়েলিনা সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে পদত্যাগ করতে অস্বীকার করেছেন। তবে সেনাবাহিনীর ভেতরে বিভক্তি থাকা সত্ত্বেও দেশটির উচ্চ সাংবিধানিক আদালত নতুন প্রশাসনকে অনুমোদন দিয়েছে। র্যান্দ্রিয়ানিরিনা মাদাগাস্কারের সেনাবাহিনীর অভিজাত শাখা ক্যাপসাটে কর্মরত ছিলেন, যেই শাখাই ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে রাজোয়েলিনাকে ক্ষমতায় এনেছিল।



















