আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি এ তথ্য জানান।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, আগামী বছরের জুনের দিকে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় রিঅ্যাক্টরে জ্বালানি (ফুয়েল) লোড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মেগা প্রকল্পটি রাশিয়ার রোসাটম কোম্পানির ফ্ল্যাগশিপ প্রকল্প হওয়ায় প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিন মাস আগে পাঠানো বিশেষজ্ঞদের নিয়ে দিন-রাত কাজ চলছে।
এদিকে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, সরকার নগদ বিক্রির কোনো পরিকল্পনা করছে না। প্রতিষ্ঠানটি বর্তমানে লাভজনক অবস্থায় রয়েছে। ভবিষ্যতে এটিকে আরও আধুনিক ও লাভজনক করার উদ্যোগ নেওয়া হবে।


















