সোমবার , ২ নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনেও মহাসড়ক অবরোধ, ভাঙচুর

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ২, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সোমবারের আন্দোলনে অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্রমিকদের ধাওয়া দিলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন।

শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর, হরিণহাটি ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানা কর্তৃপক্ষ ফের বন্ধ ঘোষণা করেছে।

এদিকে, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আশপাশের আবাসিক এলাকাতেও আতঙ্ক বিরাজ করছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

সর্বশেষ - শিক্ষা