রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও সড়ক অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে যানবাহনে আটকে পড়া শিশুদের। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। সন্তানদের নিরাপদে বাড়ি ফেরাতে হিমশিম খেতে হয় অভিভাবকদের।
মঙ্গলবার (৩ নভেম্বর) পোশাক শ্রমিকদের টানা চতুর্থ দিনের আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষের কারণে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে বন্ধ রাখা হয় মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনও।
সরেজমিনে দেখা যায়, মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচের প্রধান সড়কে বিভিন্ন যানবাহনে আটকে রয়েছে স্কুল ইউনিফর্ম পরা অসংখ্য শিক্ষার্থী। গাড়ির জানালা দিয়ে বাইরে সংঘর্ষের পরিস্থিতি দেখছিল তারা। কিছুক্ষণ পরপর সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ, মানুষের ছোটাছুটি, চিৎকার ও ধোঁয়ায় ভীত হয়ে পড়ে শিশুরা। কেউ কান্নাকাটি করছিল, আবার কেউ ভয়ে অভিভাবকদের শক্ত করে জড়িয়ে ধরছিল।
সংঘর্ষের মধ্যে সন্তানদের আগলে রাখার চেষ্টা করছিলেন মা-বাবারা। কিন্তু যান চলাচল বন্ধ থাকায় নিরাপদে বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। মিরপুরের বিভিন্ন সড়কে স্কুলবাস, ভ্যান ও রিকশায় শিক্ষার্থীদের দীর্ঘ সময় আটকে থাকতে দেখা যায়। শিক্ষার্থীদের পাশাপাশি যানজট ও সড়ক অবরোধে কর্মজীবী মানুষ, রোগী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরাও দুর্ভোগে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গত শনিবার থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলন চলছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালেও কয়েকটি কারখানার শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেন।
সকাল আনুমানিক ৯টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতির অবনতি হওয়ায় যাত্রী ও স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে সকালে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এমআরটি পুলিশের কন্ট্রোল রুম জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি এবং যাত্রী ওঠানামা বন্ধ থাকবে।
এদিকে, দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তৌহিদুল আরিফ।
তিনি দাবি করেন, শ্রমিক আন্দোলনের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। তাঁর ভাষ্য, মঙ্গলবার সকাল ৯টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় কিছু দুষ্কৃতকারী সড়কে ব্যারিকেড দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
তৌহিদুল আরিফ বলেন, বর্তমানে সড়কে অবস্থানকারীরা প্রকৃত পোশাকশ্রমিক নন; বরং তাঁরা কোনো


















