শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্প-কারখানার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তাঁরা।
বিজিবি সূত্রে জানা গেছে, বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি আশুলিয়া ও মিরপুরসহ সংশ্লিষ্ট শিল্পাঞ্চলের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের চলমান পরিস্থিতিতে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, কারও প্ররোচনায় পড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।
তিনি শ্রমিকদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিল্প-কারখানার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।


















