২০২৬ সালে ঘোড়ায় আসবেন দুর্গা, নৌকায় ফিরবেন কৈলাসে
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আয়োজন ও প্রস্তুতি। দেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে পরিকল্পনা ও সাজসজ্জার কাজ। কোথাও কোথাও শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজও। খড়, বাঁশ ও মাটি দিয়ে কাঠামো তৈরির পর ধীরে ধীরে দেবী দুর্গার প্রতিমায় ফুটিয়ে তোলা হচ্ছে অবয়ব।
পঞ্জিকা অনুযায়ী, আগামী ১০ অক্টোবর শনিবার মহালয়া পালিত হবে। এদিন থেকেই শুরু হবে দেবীপক্ষ। এরপর ১৬ অক্টোবর শুক্রবার ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।
এ বছর ১৭ ও ১৮ অক্টোবর শনিবার ও রবিবার সপ্তমী তিথি থাকবে। শাস্ত্রীয় হিসাব অনুযায়ী, প্রথম সপ্তমী অর্থাৎ ১৭ অক্টোবর শনিবারকে দেবীর আগমনের দিন ধরা হয়েছে। সে হিসেবে ২০২৬ সালে দেবী দুর্গার আগমন হবে ঘোড়ায়।
এরপর ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী ও সন্ধিপূজা, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে। দশমী বুধবার হওয়ায় শাস্ত্রীয় গণনা অনুযায়ী নৌকায় করে দেবীর কৈলাসে গমন হবে।
পঞ্জিকার প্রচলিত হিসাব অনুযায়ী, দেবীর আগমন ও গমনের বাহনের সঙ্গে বছরের বিভিন্ন ধরনের ফলাফলের সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস করা হয়। ঘোড়ায় আগমন বা গমন হলে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত হিসেবে ধরা হয়। অন্যদিকে নৌকায় আগমন বা গমন হলে শস্য ও জলবৃদ্ধির পাশাপাশি অতিবৃষ্টি বা বন্যার আশঙ্কার কথাও প্রচলিত রয়েছে।
দুর্গাপূজার সময়সূচি
- মহালয়া: ১০ অক্টোবর, শনিবার
- ষষ্ঠী: ১৬ অক্টোবর, শুক্রবার
- সপ্তমী: ১৭ ও ১৮ অক্টোবর, শনিবার ও রবিবার
- মহাষ্টমী ও সন্ধিপূজা: ১৯ অক্টোবর, সোমবার
- মহানবমী: ২০ অক্টোবর, মঙ্গলবার
- বিজয়া দশমী: ২১ অক্টোবর, বুধবার
দুর্গাপূজাকে সামনে রেখে দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মণ্ডপ, প্রতিমা ও পূজার অন্যান্য প্রস্তুতি। ফলে শারদীয় উৎসবের আমেজও ছড়িয়ে পড়ছে সর্বত্র।


















