শনিবার , ৭ নভেম্বর ২০২৬ | ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ছাত্রী হলে আগুন, প্রভোস্ট বললেন ‘আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলি না

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ৭, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলনচাঁপা ছাত্রী হলে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে সাংবাদিকরা যোগাযোগ করলে কথা বলতে অনীহা প্রকাশ করেন হলটির প্রভোস্ট উম্মে ফারহানা। একপর্যায়ে তিনি বলেন, ‘আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলি না।’শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে হলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষের উত্তর-পূর্ব কোণে এ অগ্নিকাণ্ড ঘটে।

 

আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, রান্না করার সময় হঠাৎ গ্যাসের চুলার আগুন বড় আকার ধারণ করে। আগুন থেকে বাঁচতে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে তাঁর ডান হাতে আঘাত লাগে। এতে হাতের হাড়ের সন্ধি সরে যায় (ডিসলোকেশন)। পরে তিনি ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ১০ মিনিট ধরে কক্ষে আগুন জ্বলতে থাকে। পরে হলের আনসার সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।ঘটনার পর চুলা মেরামতের জন্য আসা এক মিস্ত্রি জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি গ্যাসের মূল চাবিতে লিকেজ দেখতে পান। তাঁর ধারণা, চুলার বিভিন্ন যন্ত্রাংশ দুর্বল হয়ে পড়ায় গ্যাস বের হচ্ছিল।

 

এ বিষয়ে জানতে হল প্রভোস্ট ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলি না।’পরবর্তী কথোপকথনে তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাই সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ না করে নির্ভরযোগ্য তথ্য দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এ সময় হলের গ্যাসলাইন স্থাপন ও চুলার যন্ত্রাংশের বিষয়েও কথা বলেন তিনি।প্রভোস্টের দাবি, দোলনচাঁপা হলে আগে গ্যাসের কোনো ব্যবস্থা ছিল না। ডাইনিং পরিচালনা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় শিক্ষার্থীদের সুবিধার্থে বিকল্প হিসেবে সম্প্রতি গ্যাস সংযোগ দেওয়া হয়। তাঁর ভাষ্য, গ্যাসলাইন স্থাপনের এক বছরও পূর্ণ হয়নি। তাই দীর্ঘদিন চুলার যন্ত্রাংশ মেরামত না করার কারণে আগুন লাগার বিষয়ে মিস্ত্রির দেওয়া তথ্য তিনি নাকচ করেন।

 

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দোলনচাঁপা হলের ৪০৬ নম্বর কক্ষে এক সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে তাঁর জুনিয়র রুমমেটকে মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। ওই ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীর ব্যাপারে বক্তব্য জানতে সাংবাদিকরা প্রভোস্ট উম্মে ফারহানার সঙ্গে যোগাযোগ করেছিলেন।

 

সেসময়ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই কথোপকথনে তিনি বলেছিলেন, ‘আমি অনেক কিছু জানি, যা আপনাদের বলব না। আপনাদের সাংবাদিকগিরি একধরনের ফাতরামি করা ছাড়া কিছুই না।’

সর্বশেষ - শিক্ষা