সাংবাদিকদের বয়কট ও প্রতিহতের ঘোষণার মুখে চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ডের অতিথি তালিকা থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক বাগ্বিতণ্ডা, ফোন কেড়ে নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক পোস্টকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড। অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন জানিয়েছেন, সাংবাদিকদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে পরীমনিকে অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ইতোমধ্যে নতুন পোস্টারও প্রকাশ করেছেন আয়োজকরা।
এর আগে গত ৬ নভেম্বর শুক্রবার পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একাধিক সাংবাদিক ও সাংবাদিক সংগঠন আয়োজকদের কাছে পরীমনিকে অতিথি তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানায়। এমনকি কয়েকটি সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণাও দেয়।
বিতর্কের সূত্রপাত গত ৫ নভেম্বর বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে। পরীমনি ও তার দেহরক্ষীদের দাবি, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সংশ্লিষ্ট সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমনি তার মোবাইল ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভাঙচুর করেন। পরে অবশ্য তিনি নিজের ফোন ফিরিয়ে নেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির একটি আক্রমণাত্মক পোস্ট নিয়েও সমালোচনা তৈরি হয়। আদালত থেকে বের হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি শব্দের একটি আপত্তিকর পোস্ট দেন তিনি। যদিও পোস্টটি কাকে উদ্দেশ করে দেওয়া হয়েছিল, তা স্পষ্ট করেননি পরীমনি। তবে অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে হাজার হাজার প্রতিক্রিয়া পড়ে।
এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় গত বুধবার আদালতে হাজির হওয়ার কথা ছিল পরীমনির। কিন্তু অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে উপস্থিত হননি। এর পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরদিন বৃহস্পতিবার বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করতে যান এই চিত্রনায়িকা।
উল্লেখ্য, ২০২১ সালেও মাদক মামলায় কারামুক্তির সময় প্রিজন ভ্যান থেকে বেরিয়ে হাতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখে আলোচনায় এসেছিলেন পরীমনি। সে সময় ক্যামেরার সামনে তার আপত্তিকর অঙ্গভঙ্গি এবং রিমান্ড শুনানির সময় আদালতে ক্ষোভ প্রকাশের ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
সব মিলিয়ে সাম্প্রতিক বিতর্কের জেরে এবার চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ ফ্যাশন আয়োজনের অতিথি তালিকা থেকে বাদ পড়লেন চিত্রনায়িকা পরীমনি।

















