শনিবার , ৭ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

কালি মুছে দেয়ালে ফের কবিগুরুর গ্রাফিতি, জড়িতদের খুঁজছে পুলিশ

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ৭, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ

রেলস্টেশনের দেয়ালে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষতিগ্রস্ত গ্রাফিতি নতুন করে আঁকার কাজ করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

 

শনিবার (০৭ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এ উদ্যোগ নেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তবে গ্রাফিতিতে কালি লাগানোর ঘটনায় এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নিন্দা অব্যাহত রয়েছে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে খুলনা রেলস্টেশনের দেয়ালে বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিষয় তুলে ধরে গ্রাফিতি আঁকে কেসিসি। এতে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি স্থান পায়। তবে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা রবীন্দ্রনাথের মুখ মণ্ডলে কালি লাগিয়ে দেয়। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।

 

শনিবার (৭ নভেম্বর) দুপুরে কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে যান প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

 

এ সময় তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু কোনো ব্যক্তির প্রতি অসম্মান কিংবা সমাজে বিদ্বেষ ছড়ায় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। একটি ছবি মুছে দিয়ে কোনো ব্যক্তির অবদান অস্বীকার করা যায় না। রাজনৈতিক প্রতিহিংসা থেকে যেন শিল্প-সংস্কৃতির ওপর কোনো আঘাত না আসে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

 

গত ১০ অক্টোবর ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতির মুখমণ্ডলে কালি লাগানোর ঘটনা ঘটে। ওই ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশসহ চারজনকে আটক করে পুলিশ।

সর্বশেষ - শিক্ষা