শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬ | ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

এল নিনোর প্রভাবে মৃত্যুঝুঁকিতে লাখো অন্তঃসত্ত্বা

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১৩, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ

এল নিনোর প্রভাবে বন্যা, ঘূর্ণিঝড় ও তীব্র তাপপ্রবাহের মতো দুর্যোগ বাড়তে থাকায় বিশ্বের সংকটাপন্ন অঞ্চলগুলোতে সন্তান জন্ম দিতে গিয়ে লাখো নারীর মৃত্যুঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীরা প্রসবের সময় হাসপাতালে পৌঁছাতে না পারলে প্রাণঘাতী পরিস্থিতির মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ধাত্রী সংস্থা (আইসিএম) ধাত্রীরা। খবর দ্য গার্ডিয়ানের।প্রতিবেদনে বলা হয়, এল নিনোর প্রভাবে আগামী কয়েক মাসে বিভিন্ন অঞ্চলে আবহাওয়াজনিত দুর্যোগের তীব্রতা বাড়তে পারে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন গর্ভবতী নারীরা। কারণ বন্যা, ঘূর্ণিঝড় কিংবা ভূমিধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে প্রসবকালীন জরুরি চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়বে।এল নিনোর উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোতে চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রায় দেড় কোটি শিশুর জন্ম হওয়ার কথা। বিশ্বজুড়ে এ দুই মাসে যত শিশু জন্ম নেবে, তাদের প্রতি তিনজনের মধ্যে দুজনই এসব দেশের। তালিকায় রয়েছে নাইজেরিয়া, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, সোমালিয়া ও আফগানিস্তান। এসব দেশে আগে থেকেই মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে রয়েছে।

 

 

প্রতি বছর বিশ্বে গর্ভাবস্থা ও সন্তান জন্ম দিতে গিয়ে প্রায় ২ লাখ ৬০ হাজার নারী মারা যান। এসব মৃত্যুর বেশির ভাগই প্রতিরোধযোগ্য। এর মধ্যে সাব-সাহারান আফ্রিকায় ঘটে ৭০ শতাংশ।আইসিএমের প্রধান নির্বাহী আনা আফ উগলাস বলেন, ‘কোনো নারী যদি গর্ভবতী হন, সামাজিকভাবে বঞ্চিত হন এবং জলবায়ু বিপর্যয়প্রবণ এলাকায় বসবাস করেন, তাহলে সন্তান ধারণের আগেই তার ঝুঁকি অনেক বেশি থাকে। অন্যান্য স্বাস্থ্যঝুঁকির সঙ্গে এল নিনো যুক্ত হচ্ছে। অনেকের ক্ষেত্রে এটি জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে।’বাংলাদেশেও প্রসূতি সেবায় নিয়োজিত কর্মীরা বন্যা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ধাত্রীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কাজ করেন ক্রিস্টিন ইওই এলোতো। তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, তাপপ্রবাহ কিংবা ভূমিধস; কোনো দুর্যোগেই সন্তান জন্মদানের প্রক্রিয়া থেমে থাকে না।

 

 

তিনি বলেন, ‘প্রসূতিসংক্রান্ত জরুরি পরিস্থিতিতে চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে সামান্য দেরিও মা কিংবা শিশুর মৃত্যুর কারণ হতে পারে। আগের আকস্মিক বন্যা ও ভূমিধসের সময় নারীরা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে পারেননি। সড়ক পানিতে ডুবে গিয়েছিল, আমাদের গাড়িও আটকে পড়েছিল।’

 

 

আফ্রিকার দেশ মালাবির দক্ষিণাঞ্চলে তীব্র তাপপ্রবাহের কারণে অন্তঃসত্ত্বা নারীরা নিয়মিত প্রসবপূর্ব স্বাস্থ্যসেবা নিতে পারছেন না। বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কৃষিনির্ভর পরিবারগুলোর আয় কমেছে। ফলে অনেকের পক্ষে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার বাসভাড়াও জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। এতে নানা স্বাস্থ্যসমস্যা চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে।

 

 

ধাত্রী জুডিথ এমগোগো বলেন, ‘সপ্তাহের বেশির ভাগ সময়ই এখন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকছে। এত গরমে নারীদের পক্ষে যাতায়াত করা কঠিন হওয়ায় প্রসবপূর্ব স্বাস্থ্যসেবা নিতে আসার হার কমবে বলে আশঙ্কা করছি। প্রতিদিনই বিদ্যুৎ চলে যাচ্ছে।’

 

 

ফালোম্বে জেলার ধাত্রী মাদালিতসো মালেকানো বলেন, বিদ্যুৎ না থাকলে ধাত্রীদের প্রচণ্ড গরমের মধ্যে হাসপাতালের ওয়ার্ডে কিংবা টর্চের আলোয় সন্তান প্রসব করাতে হয়। তীব্র গরমে অনেক নারী মাথা ঘোরা ও ক্লান্তিতে ভুগছেন। এমনকি তিনিও একই সমস্যায় পড়ছেন।

 

 

অতীতে শক্তিশালী এল নিনোর প্রভাবে মালাবির ৪০ লাখের বেশি মানুষ খাদ্যসংকটে পড়েছিলেন। এবারও অপুষ্টির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন মালেকানো। তার মতে, অপুষ্টির কারণে কম ওজনের শিশু জন্ম নিতে পারে। মায়েদের রক্তস্বল্পতা দেখা দিতে পারে, যা প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) খরাপ্রবণ এলাকায় অপুষ্টির ঝুঁকিকে ‘প্রায় নিশ্চিত’ এবং ‘অত্যন্ত উচ্চ’ বলে মূল্যায়ন করেছে। বিশেষ করে গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো নারীদের জন্য এটি বড় ধরনের বিপদ।

 

 

মালাবির আরেক ধাত্রী এমি মাংগান্ডা বলেন, ‘পরিবারগুলো যখন নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খায়, তখন কিছু কিশোরী অর্থ বা খাবার জোগাড় করতে ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে পারে। এর মধ্যে অর্থ বা খাবারের বিনিময়ে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার মতো ঘটনাও থাকতে পারে।’

 

 

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতেও এ বছর বন্যায় বিভিন্ন জনপদ ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। দেশটির মাতৃস্বাস্থ্যবিষয়ক সংস্থা ম্যাটারনিটি ফাউন্ডেশনের ধাত্রী নাতালিয়া আচা গোদয় বলেন, হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর পথ কত দ্রুত অনিশ্চিত হয়ে উঠতে পারে, সেটিই তাকে সবচেয়ে বেশি ভাবায়।তিনি বলেন, ‘প্রত্যন্ত কোনো এলাকায় একজন অন্তঃসত্ত্বা নারীর প্রসববেদনা শুরু হলে কিংবা কোনো নবজাতকের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে, অথচ সড়ক বন্ধ থাকলে কী ঘটবে; এ কথা ভাবলে উদ্বেগ হয়।’

 

 

তীব্র তাপপ্রবাহকে ‘অদৃশ্য দুর্যোগ’ উল্লেখ করে এটি মোকাবিলায় ধাত্রীদের জন্য একটি নির্দেশিকা প্রকাশ করেছে আইসিএম। সংস্থাটির মতে, মাত্র এক দিনের অতিরিক্ত গরমের সংস্পর্শে থাকলেও অপরিণত সন্তান জন্ম, জন্মগত ত্রুটি, উচ্চ রক্তচাপ এবং নবজাতকের শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে।

 

 

জীবনহানির আশঙ্কা তৈরি করতে পারে এমন তাপপ্রবাহের দিনগুলোতে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে লাল পতাকা টাঙানোর পরামর্শ দেওয়া হয়েছে ধাত্রীদের। এর মাধ্যমে নারীদের কৃষিকাজ বন্ধ রেখে সম্ভব হলে ঘরে থাকার সতর্কবার্তা দেওয়া হবে।

 

 

এ ছাড়া নারীদের জন্য আগাম ‘তাপপ্রবাহ মোকাবিলা পরিকল্পনা’ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঠান্ডা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, দৈনন্দিন কাজ ভাগ করে নেওয়ার মতো একজন সহায়তাকারী এবং অন্তত ১৫ লিটার পানীয় জল মজুত রাখা।

 

 

আইসিএমের উপদেষ্টা নেহা মানকানি বলেন, ‘তীব্র তাপপ্রবাহ তাৎক্ষণিকভাবে দৃশ্যমান কোনো ধ্বংসযজ্ঞ রেখে যায় না। ফলে শরীরের ওপর এর গুরুতর প্রভাব সহজেই উপেক্ষিত থেকে যায়।’

 

 

জলবায়ু আন্দোলনকর্মীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে আরও তীব্র হয়ে উঠতে পারে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পর্যায়ক্রমিক উষ্ণতা বৃদ্ধির ঘটনা এল নিনো। এর ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি দেখিয়ে দিচ্ছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারগুলোর জরুরি পদক্ষেপ নেওয়া কতটা প্রয়োজন। এ সপ্তাহে তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তারা।

সর্বশেষ - শিক্ষা