শুক্রবার , ৩০ মে ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে আর নির্বাচন হবে না’: মির্জা আব্বাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি আগামী ডিসেম্বরে নির্বাচন না হয়, তাহলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, “টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি, ডিসেম্বরে নির্বাচন না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না। এই বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে পদানত হবে।”

প্রধান উপদেষ্টা ও নির্বাচন প্রসঙ্গ:

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (৩০ মে) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, “তিনি জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেছেন। জাপানে বসে বলেছেন, একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এর জবাবে বলতে চাই, ড. ইউনূস সাহেব আপনি স্মরণ করে দেখুন, ডিসেম্বরে নির্বাচনের কথা আপনিই প্রথম বলেছেন।”

সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের কথা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, “আমরা বাইরে চলে আসার পরে সন্ধ্যা ছয়টা বা সাড়ে ছয়টার সময় আপনার প্রেস সেক্রেটারি বলেছে, জুন মাসে নির্বাচন হতে পারে। প্রেস সেক্রেটারি আর আপনি তো এক কথা নয়।”

সংস্কার ও দেশীয় সম্পদ সুরক্ষা:

জিয়াউর রহমানের শাসনামলে যে সংস্কারগুলো হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার তা করতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, “জিয়াউর রহমান যে সংস্কার করে গেছেন, এই সরকার সারা জীবনেও সেটি করতে পারবে না। স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে জিয়াউর রহমান বহু সংস্কার করে গেছেন, কিন্তু কোনো ঘোষণা দেননি।”

অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়ে সংস্কার করছে উল্লেখ করে মির্জা আব্বাস প্রশ্ন তোলেন, “আজ সংস্কারক সরকার কোনো সংস্কার করার জন্য বাইরে থেকে মানুষ ইমপোর্ট (আমদানি) করে আনছেন। যারা এ দেশের নাগরিক নয়। দেশের প্রতি অত মমত্ববোধ নেই। দেশকে ভালোবাসেন না। তারা কী করে এ দেশের মানুষের সংস্কার করবে, আমরা বুঝতে পারি না।”

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে তিনি প্রশ্ন করে বলেন, “তাহলে কেন এই টার্মিনাল বিদেশিদের হাতে দেব? বিদেশিরা এলে টাকা বাংলাদেশে রাখবে না। তাই বিদেশিদের প্রতি প্রেম-ভালোবাসা ছেড়ে দেন। দেশের মানুষকে ভালো রাখেন। আমরা দেশে লোক তৈরি করব। দেশের লোকেরাই নিউমুরিং টার্মিনাল চালাবে। বাইরের লোক দরকার নেই।”

জনগণের ভোগান্তি ও সরকারের নীরবতা:

সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “সেন্ট মার্টিনে খাওয়া নেই, কাপড় নেই, মানুষ বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারে না। সেন্ট মার্টিনে কী এমন হয়ে গেল যে বাংলাদেশি নৌকা যেতে পারবে না? সেখানে কী এমন ঘটনা ঘটছে, জানতে চাই। সাজেকে কী হচ্ছে, আমরা জানতে চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্টন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল।

সর্বশেষ - জাতীয়