বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ রাজনৈতিক দলগুলোর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে চারটি রাজনৈতিক দল। একইসঙ্গে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের ঐক্য অটুট আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলনের প্রতিনিধিদের বৈঠকে এই বার্তা দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুটি জিনিসের ওপর জোর দেওয়া হয়েছে। প্রথমত, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নিই, কারণ এ বিষয়ে তাদের কিছু ঘাটতি সম্পর্কে তারা উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে, নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত।

ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে কোনো মতানৈক্য নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, “যতগুলো দল কথা বলেছে, প্রত্যেকেই বলেছে—ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনও মতভিন্নতা নেই, কোনও বিরোধ নেই।” তিনি আরও যোগ করেন, রাজনৈতিক মাঠে দলগুলো একে অপরের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বললেও, এর অর্থ এই নয় যে তারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ; বরং তারা রাজনৈতিক সহযোগী। এই ধরনের কথায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যে কোনো ফাটল আছে বলে মনে করা উচিত নয়, এমন ধারণাও দলগুলো দিয়েছে বলে তিনি জানান।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে আসিফ নজরুল বলেন, তিনি দলগুলোকে বলেছেন যে, তারা যদি ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে বা গঠনমূলক কোনো কর্মসূচিতে একসঙ্গে থাকেন, তবে মানুষ স্বস্তি পাবে এবং খুশি হবে, কারণ মানুষ তাদের একসঙ্গে দেখতে চায়।

রাজনৈতিক দলগুলোর বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা আরও বলেন, দলগুলো জানিয়েছে যে, তারা মাঠে যাই বলুন না কেন, প্রধান উপদেষ্টা ডাকলে তারা এসে হাজির হন, যা তাদের ঐক্যের প্রমাণ। তারা প্রতিদিন ঐকমত্য কমিশনের মিটিংয়েও অংশ নিচ্ছেন। চারটি বড় দল মূলত যে বার্তা দিয়েছে তা হলো—ফ্যাসিবাদবিরোধী একতা অটুট, কোনো রকম হতাশা বা টেনশন থাকার প্রয়োজন নেই। তারা চিহ্নিত করেছেন যে, দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল ও ফ্যাসিস্টদের সহযোগী আছে, তারা মাঝে মধ্যে মাথাচাড়া দেয়। সেক্ষেত্রে তারা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন। উত্তরে সরকার পক্ষ থেকে বলা হয়েছে, মাঠে ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবেন।

উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারটি রাজনৈতিক দলের সঙ্গে এই তাৎক্ষণিক বৈঠকে মিলিত হন।

সর্বশেষ - জাতীয়