শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ভারতীয় মেডিকেল টিমের কার্যক্রম শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছে বাংলাদেশে আসা ভারতীয় মেডিকেল টিম। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র শুক্রবার (২৫ জুলাই) এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় মেডিকেল টিমের সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। তাঁরা প্রতিটি গুরুতর কেস পর্যালোচনা করেছেন, চিকিৎসা পদ্ধতি নিয়ে মতবিনিময় করেছেন এবং ভবিষ্যতের চিকিৎসার পদ্ধতি সম্পর্কে তাঁদের মূল্যায়ন জানিয়েছেন।

গত ২১ জুলাই ঢাকায় বিমান দুর্ঘটনার মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী সহায়তার আশ্বাস দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় বুধবার ভারতীয় চারজন চিকিৎসক ও নার্স ঢাকায় পৌঁছান।

উল্লেখ্য, গত সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। ভারত ছাড়াও চীন ও সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় অবস্থান করছেন, যারা বিমান দুর্ঘটনায় আহতদের সেবায় নিয়োজিত রয়েছেন।

সর্বশেষ - জাতীয়