দুর্নীতি দমন কমিশন (দুদক), সরকারি কর্ম কমিশন (পিএসসি), মহাহিসাবরক্ষকের কার্যালয় এবং ন্যায়পাল নিয়োগের জন্য পৃথক ও স্বচ্ছ নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের বৈঠকের শুরুতে দলটির নেতারা এই সিদ্ধান্ত নেন।
ওয়াকআউটের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, “আমরা সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করলাম। কারণ, আমরা বলেছিলাম, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য কমিটি করা এবং এটি সংবিধানে অন্তর্ভুক্ত করলে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে।”
তিনি আরও বলেন, “যাতে সাংবিধানিক এবং সংসদীয় কোনোভাবেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয় সেজন্য আমরা ৩টি জায়গায় ব্যবস্থা রেখেছি। এই তিনটি জায়গার মধ্যে দিয়ে এমন একটা ব্যবস্থা তৈরি হবে যাতে কোনোভাবেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ থাকবে না।”
সালাহউদ্দিন আহমেদ বিচার বিভাগের সংস্কারের কথাও উল্লেখ করেন, যা তাদের মতে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, “ফ্রিডম অব প্রেস প্রায় প্রতিষ্ঠিত হয়েছে বলা যায়।”
বিএনপির এই নেতা যুক্তি দেন, “এতগুলো রক্ষাকবচ থাকা সত্ত্বেও আমরা নির্বাহী বিভাগকে প্রপারলি ফাংশন করতে কেন দেব না? আমরা মনে করেছি, জনগণের নির্বাহী বিভাগের কাছে জবাবদিহিতা থাকবে, কিন্তু সরকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য পর্যাপ্ত অথরিটি থাকবে না, সেটা ঠিক হবে না। এজন্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য কমিটি না করে শক্ত আইন করা হোক।”
ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করলাম। আবার পরের আলোচনায় ফিরে যাব। এই আলোচনাতেই আবারও অবস্থান পুনর্ব্যক্ত করার জন্য যেতেও পারি।”
এরপর বিএনপি নেতারা নারী প্রতিনিধিত্বের ব্যাপারে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন।



















