বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ঢাকায় একক ব্যবস্থায় চলবে সব বাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ৫:২৯ পূর্বাহ্ণ

রাজধানীর সব বাসকে একক ব্যবস্থার অধীনে আনার সিদ্ধান্ত জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে প্রেস উইংয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে অগোছালোভাবে চলছে। ফলে প্রতিদিন যাত্রীরা যানজট, দুর্ঘটনা, ভাড়ার অনিয়ম ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। নারী, শিশু ও বয়স্কদের জন্য বাসযাত্রা বিশেষভাবে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

প্রেস উইং আরও জানায়, অকার্যকর রুটে বাস চলাচলের কারণে রাজধানীতে বড় ধরনের যানজট তৈরি হচ্ছে। এর ফলে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা ক্ষতি এবং প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা অপচয় হচ্ছে।

এ অবস্থায় সব বাসকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে একক ব্যবস্থায় পরিচালনা করা হবে। এতে ভাড়া সংক্রান্ত প্রতারণা ও বিশৃঙ্খলা কমবে, রুটে শৃঙ্খলা আসবে এবং যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক গণপরিবহন সেবা নিশ্চিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন ব্যবস্থায় যাত্রীদের আর বাসে উঠতে হুমড়ি খেয়ে পড়তে হবে না বা অতিরিক্ত ভাড়া দিতে হবে না। এতে রাজধানীর মানুষের যাতায়াত সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে।

সর্বশেষ - জাতীয়