জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাকসু, জাকসু ও চাকসুর সাম্প্রতিক নির্বাচনে যুবসমাজ ছাত্রশিবিরের ওপর আস্থা রেখেছে। এর প্রতিফলন আগামীতে পুরো জাতি দেখবে।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা-১৫ আসনের এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে—সব জায়গায় একই চিত্র দেখা গেছে। তরুণ ও তরুণীরা ছাত্রশিবিরের ওপর আস্থা রেখেছে। এটি আমাদের জন্য আশার বার্তা। আগামী বাংলাদেশে তারই প্রতিচ্ছবি ফুটে উঠবে।”
তিনি আরও বলেন, “আমরা কারও ধর্ম, ভাষা, গায়ের রং বা অবস্থান দেখে নয়—সব নাগরিককে সমানভাবে দেখি। এই দেশ সবার, তাই আমরা সবাইকে নাগরিক হিসেবে মর্যাদা দিতে চাই।”
দুর্নীতি নির্মূলে দৃঢ় প্রত্যয় জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এই দুর্নীতি আমরা রাখব না। প্রয়োজনে ত্যাগ স্বীকার করব, বাধা এলেও দুর্নীতির শিকড় উপড়ে ফেলব।”
এদিকে, একই দিনে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার অজিত শিং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস, পলিটিক্যাল অ্যাডভাইজার নিসার আহমেদ, এবং জামায়াতের কেন্দ্রীয় নেতারা এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসাইন ও প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।



















