বাণিজ্য বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। বৈঠকটি আগামীকাল শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বিভিন্ন বাধা ও সমস্যা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ। বিশেষ করে পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত জটিলতা এবং বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় আলোচনায় তুলবে ঢাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিতে মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে একই সময়ে ভারত বাংলাদেশে এক হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। দেশের ব্যবসায়ীরা ভারত থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করেন।
দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান বাধা দূর করা এবং পারস্পরিক বাণিজ্য আরও সহজ করার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।














