লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে বনচৌকি বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন নজু, আফসার ও শরিফা। তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
১৫ বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশের সীমান্ত এলাকায় প্রবেশ করে। পরে বাঘটির আক্রমণে ওই তিনজন আহত হন। ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন।
বাঘটির অবস্থান শনাক্ত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে জেলা প্রশাসন। এ ছাড়া বাঘটি তাড়াতে দুই রাউন্ড গুলি ছোড়ার তথ্যও পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে বিজিবির অধিনায়ক ও টহল দল অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বাঘটির অবস্থান শনাক্ত এবং পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাঘটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ফলে সীমান্ত এলাকায় বাঘটির সম্ভাব্য বিচরণ নিয়ে উদ্বেগ রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, জেলা প্রশাসন ও বন বিভাগের সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে।


















