শুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ৩০, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় দ্বিতীয় দফার পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মন্ত্রী বলেন, আল্লাহর রহমতে দ্বিতীয় দফার পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর ধীরে ধীরে নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।

ধাপে ধাপে বাড়ানো হবে উৎপাদনক্ষমতা

প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এই পর্যায়ে পারমাণবিক চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক পারমাণবিক বিক্রিয়া প্রতিষ্ঠা করা হয়। এর মাধ্যমে চুল্লির শক্তি উৎপাদনক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে। এর আগে উৎপাদন প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটে বিভিন্ন পর্যায়ের পরীক্ষা চালানো হচ্ছে।

প্রকল্পের স্টেজ ‘বি-১’ মোটামুটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষায় দেখা দেওয়া জটিলতাও কাটিয়ে ওঠা হয়েছে। এরপর শুরু হয়েছে পরবর্তী ধাপ ‘বি-২’, যেখানে প্রাথমিক পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এ প্রক্রিয়ার পরই শুরু হয় ক্রিটিক্যালিটি পর্যায়।

ক্রিটিক্যালিটি হলো পারমাণবিক চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত ধারাবাহিক পারমাণবিক বিক্রিয়া প্রতিষ্ঠার পর্যায়। এ পর্যায়ে চুল্লির উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বাড়ানো হয়।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা ৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করার লক্ষ্য রয়েছে।

দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি সরবরাহ শুরু রাশিয়ার

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিকভাবে জ্বালানি লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়া।

বৃহস্পতিবার সকালে দেশটির রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর চালু করার প্রস্তুতির অংশ হিসেবে এই জ্বালানি সরবরাহ করা হচ্ছে। আগামী বছরের জুনের মধ্যে দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর চালু বা ফুয়েল লোডিংয়ের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রকল্প কর্তৃপক্ষ।

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা

সরকার আশা করছে, আগামী নভেম্বরের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে।

প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর মধ্য দিয়ে প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপে এগিয়ে গেল। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে নির্ধারিত পরীক্ষাগুলো সম্পন্ন করা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিচালনাগত শর্ত পূরণ করা গুরুত্বপূর্ণ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি খাতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

হাতিরঝিলে স্মার্ট যাতায়াত: ২০ জুলাই থেকে র‍্যাপিড পাসের ব্যবহার শুরু

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার সবশেষ অবস্থা

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে জানালেন শিক্ষামন্ত্রী

ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী আবিদের আইডি ডিজেবল

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ীই নির্বাচন হবে

ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সরবরাহ

‘সারাজীবন ঝামেলা হবে, এটাই মেনে নিয়েছি’: পরীমনি

চলতি হজ মৌসুমে ৪৫ বাংলাদেশি হাজির ইন্তেকাল

মহেশপুর সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানা তাকাইচি