বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি বলেন, অতীতের অনিয়ম ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে জবাবদিহি থাকায় লুটপাটের সুযোগ নেই। যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।
দেশে শতভাগ বিদ্যুতায়নের কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, অনেক দরিদ্র পরিবার ভাগাভাগি করে বিদ্যুৎ ব্যবহার করে। ফলে শুধু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বিবেচনা করে হতদরিদ্র মানুষের প্রকৃত আর্থসামাজিক অবস্থা নির্ধারণ করা কঠিন।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকল্প উৎসের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনার কথা বলেন। এ খাতে বিদেশি বিনিয়োগকারীদেরও আগ্রহ রয়েছে বলে জানান তিনি।
বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে উল্লেখ করে রিজভী বলেন, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। দেশ এগিয়ে যাবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংকট মোকাবিলায় হতাশ না হয়ে বিকল্প জ্বালানি উৎসের ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন রিজভী।


















