আগামী গ্রীষ্মের মধ্যে সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে রুফটপ সোলার ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভবনে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এবারের গ্রীষ্মে বিদ্যুৎ নিয়ে মানুষ যে ভোগান্তিতে পড়েছেন, আগামী বছর যেন তাঁদের সেই পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি বলেন, ‘আগামী গ্রীষ্মে জনগণ যেন বিদ্যুৎ নিয়ে আগের মতো কষ্ট না পান, কিংবা পেলেও তা যেন সহনীয় পর্যায়ে থাকে—এর সহজ সমাধান হলো রুফটপ সোলার।’
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের ভোগান্তি কমানোই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, সরকার চায় আগামী গ্রীষ্ম মানুষের জন্য সহনীয় হোক। এ লক্ষ্য সামনে রেখে সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


















