বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ | ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

পরপর দুই ঘটনা ভাবিয়ে তুলেছে এনসিপি নেতাদের

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১২, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ

প্রথমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা হাসিবুল ইসলামের ওপর আক্রমণ এবং সর্বশেষ দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন—এই দুটি ঘটনা এনসিপিকে ভাবিয়ে তুলেছে। এই দুই ঘটনার পর দলটি ঢাকার সঙ্গে ঢাকার বাইরেও মাঠপর্যায়ে সক্রিয় হচ্ছে।

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত মঙ্গলবার দুপুরে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নুসরাত এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন, পাশাপাশি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদেরও সদস্য। তাঁর বাড়িতে পেট্রলবোমা হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নুসরাত ও এনসিপির নেতারা।জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দলটির নেতা–কর্মীদের সাম্প্রতিক নাশকতামূলক তৎপরতার মধ্যে এনসিপির দুজন নেতা আক্রান্ত হলেন। এই প্রেক্ষাপটে পরিস্থিতি সম্পর্কে দলটির মূল্যায়ন কী, তা জানতে আজ বৃহস্পতিবার দলের রাজনৈতিক পর্ষদের তিনজন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেছেন, এনসিপি মনে করছে, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের পক্ষ থেকেই কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু বিএনপি সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।

 

এনসিপির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, এনসিপি জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখসারির ছাত্রনেতাদের দল। আওয়ামী লীগ অভ্যুত্থানের পর থেকেই জুলাইয়ের নেতৃত্বকে হুমকি দিয়ে আসছে। সর্বশেষ এক সপ্তাহ ধরেও সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইয়ের নেতাদের নাম ধরে হুমকি দেওয়া হয়েছে। এরপরও বিএনপি বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।বাড়িতে আগুনের খবর শুনে গত রাতেই কুষ্টিয়ায় চলে যান এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। আজ সকালে সেখানে সংবাদ সম্মেনে তিনি বলেন, কিছুদিন ধরে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার বিস্তারিত উল্লেখ করে নুসরাত বলেন, ‘গত ২৮ অক্টোবর রাত সাড়ে নয়টা নাগাদ একটি স্প্যাম নাম্বার থেকে আমার কাছে একটি হুমকির কল আসে এবং তারও কিছু আগে-পরে আমি আরও বেশ কিছু হুমকি কল পেতে থাকি। গত মঙ্গলবার আমি পুরো ঘটনার বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি জিডি করেছিলাম। সেই জিডির পরও আমার কাছে বেশ কিছু হুমকি এসেছে।’

 

এ পরিস্থিতিতে সংসদ সদস্য, জুলাই গণ–অভ্যুত্থানের নেতা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতা–কর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে উল্লেখ করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি আজ সংসদে এ কথা উল্লেখ করে বলেছেন, সারা দেশে যে নৈরাজ্য ও নাশকতা পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে।

 

এ পরিস্থিতিতে এই সরকার নিরাপত্তা দেবে কি না, সে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম সংসদে বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের আমাদের পথ দেখতে হবে।’ভয় দেখানোর কৌশল কি না, রয়েছে সে প্রশ্ন

 

সাম্প্রতিক নাশকতা ও আক্রমণের পেছনে এনসিপি বা তাদের মিত্রদের ভয় দেখাতে বিএনপির কৌশল আছে কি না, সেই প্রশ্ন আছে দলটির নীতিনির্ধারকদের মধ্যে। এনসিপির শীর্ষস্থানীয় একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে আজ প্রথম আলোকে বলেন, ‘নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস (জায়গা) তৈরি করে দিয়ে বিএনপি বিরোধী দলকে ভয় দেখাতে চায়, এমনটা মনে হওয়ার সংগত কারণ আছে। ভয় পেয়ে এনসিপি যাতে সরকারের অপকর্মের বিরুদ্ধে চুপ হয়ে যায়, সরকার যেভাবে চায় সেভাবে সবকিছুর সঙ্গে তাল মেলায়, সংস্কার প্রশ্নে তাদের ইচ্ছেমতো চলতে বাধ্য হয়, সেই চেষ্টা থাকতে পারে।’

 

তবে এনসিপি জনগণকে নিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দলের রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য আরিফুল ইসলাম আদীব। তিনি প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে দলের জেলা পর্যায়ে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকায়ও আজ কর্মসূচি হচ্ছে। তাঁরা রাজপথে সোচ্চার হচ্ছেন।

 

নুসরাতের গ্রামের বাড়িতে আক্রমণের প্রতিবাদে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বাংলামোটর থেকে মশালমিছিল করেছে এনসিপি। এনসিপির কেন্দ্রীয় ও মহানগর শাখার পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা এতে অংশ নেন। আর জেলা পর্যায়ে আজ ও আগামীকাল শুক্রবার প্রতিবাদ কর্মসূচি হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ - শিক্ষা