শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬ | ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

বাবা-মাকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করলেন এমপি নুসরাত

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১৩, ২০২৬ ৮:২৩ পূর্বাহ্ণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে উপস্থিত হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

 

মামলার বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামিদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর সংসদ সদস্য নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় গিয়ে লিখিত এজাহার জমা দেন। এর আগে রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এজাহার জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। তখন তিনি জানান, মামলা রুজুর প্রক্রিয়া চলছিল।

 

মামলার এজাহারে বলা হয়েছে, সংসদ অধিবেশন চলায় ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন নুসরাত তাবাসসুম। এদিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পৈতৃক বাড়িতে ছিলেন বাবা মোহা. আব্দুল হালিম (৬১), মা মোছা. জহুরা খাতুন এবং পরিবারের অন্য সদস্যরা।

 

এজাহারের বর্ণনা অনুযায়ী, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বেরিয়ে তারা দেখতে পান, বসতঘর, উঠান ও বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।

 

 

স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

এজাহারে ক্ষয়ক্ষতির বিবরণে বলা হয়েছে, আগুনে বাড়ির প্রায় এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে গেছে। বাড়ির গোয়ালে থাকা তিনটি ছাগলও আগুনে পুড়ে মারা যায়। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

 

ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ ও পূর্বপরিকল্পনার অভিযোগও এনেছেন তিনি। এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করে আসছিলেন। এ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।

 

নুসরাত তাবাসসুমের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল এখনো জানা যায়নি।

 

এদিকে ঘটনার পর সংসদ সদস্যের পরিবারের পাশে থাকতে বৃহস্পতিবার সারা দিন তাদের বাড়িতে অবস্থান করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। থানায় মামলা দায়েরের সময়ও তিনি নুসরাত তাবাসসুমের সঙ্গে ছিলেন।

 

বৃহস্পতিবার রাত নয়টার দিকে ইয়াসির আরাফাত জানান, সংসদে বিরোধী দলের পক্ষ থেকে এ ঘটনা পরিদর্শন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা শুক্রবার সকালে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেবেন। বিকেলে তারা সংসদ সদস্যের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। এ কারণে নুসরাত তাবাসসুম শুক্রবারও গ্রামের বাড়িতে অবস্থান করবেন এবং পরিদর্শনে আসা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলবেন।

 

এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালানোর কথা জানিয়েছে।

সর্বশেষ - শিক্ষা

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান তারেক রহমানের

ইতালির উপকূলে নৌকাডুবি, ২০ অভিবাসীর মৃত্যু

জ্ঞানেশ কুমারকে রক্ষায় নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে সরকার: অভিজিৎ দিপকে

ইয়েমেনে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইসরায়েলে ইরানের নতুন বিমান হামলা: ‘অযৌক্তিক আগ্রাসনের পাল্টা জবাব’

মুক্তিযুদ্ধের মতো ‘২৪এর ঠিকাদার হতে চাইলে অভ্যুত্থান হাতছাড়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিইসির সঙ্গে মার্কিন কূটনীতিক জ্যাকবসনের বৈঠক আজ

সব দাবি মেনে নিল মোদি সরকার, আন্দোলন প্রত্যাহার ককরোচ পার্টির

কৃষকের সঙ্গে ধান কাটলেন এমপি প্রিয়াঙ্কা

দ্বিতীয় দফায় রাজনৈতিক ঐকমত্য আলোচনা শুরু