শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দিনাজপুর বোর্ডে এইচএসসির ফলে বড় অবনতি, শূন্য পাস ৪৯ প্রতিষ্ঠানে

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ৩১, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ

 

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে বড় ধরনের অবনতি হয়েছে। এবার বোর্ডের অধীনে ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। অন্যদিকে, শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে মাত্র ছয়টি প্রতিষ্ঠান। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

  1. শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশ। মোট ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১১ দশমিক ৫১ শতাংশীয় পয়েন্ট।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও বড় ধরনের পতন দেখা গেছে। ২০২৫ সালে এ বোর্ডের ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৩ জনে। অর্থাৎ গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ৩০৭ জন।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও হতাশাজনক চিত্র উঠে এসেছে। গত বছর দিনাজপুর বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছিলেন। চলতি বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ছয়টিতে।

অন্যদিকে, গত বছর বোর্ডের ৪৩টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। এবার এ সংখ্যা বেড়ে হয়েছে ৪৯টি।

সামগ্রিকভাবে পাসের হার, জিপিএ-৫ অর্জন এবং প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল—সব সূচকেই গত বছরের তুলনায় পিছিয়ে পড়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড। বিশেষ করে ৪৯টি প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা শিক্ষা খাতের মান ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সর্বশেষ - শিক্ষা