সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে সরকারের পক্ষ থেকে এসব অপচেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা শুধু ডিসেম্বর মাস পর্যন্ত সীমাবদ্ধ নয়। ডিসেম্বরের পরও বিভিন্ন সময়ে এ ধরনের চেষ্টা হতে পারে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে এসব অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘উনাকে (শেখ হাসিনা) হাজার হাজার লোক নিয়ে পালিয়ে যেতে হয়েছে। উনি যত দিন বেঁচে আছেন, উনার এই চেষ্টা চলবে বলে আমরা মনে করি। সরকার এই অপচেষ্টা প্রতিহত করবে।’
এদিকে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আগেভাগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে। তাই শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরার আহ্বান জানান তিনি।
তথ্য উপদেষ্টা জানান, সাধারণত পাঁচ বছর পরপর পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না।
তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে বলে জানান তিনি।
শিল্পাঞ্চলে চলমান অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তথ্য উপদেষ্টা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ঘটনার সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন। তাঁর মতে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও দলটির কাছে থাকা বিপুল অর্থ ব্যয় করে বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টির চেষ্টা থাকতে পারে।
দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।


















