লিবিয়ায় আটকে পড়া ১৫৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) ভোর ৫টা ২০ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে, লিবিয়ার স্থানীয় সময় সোমবার (১৬ জুন, ২০২৫) দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে (নম্বর: UZ222) ঢাকার উদ্দেশে রওনা হন তারা।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটকে পড়া এই ১৫৮ জন বাংলাদেশি নাগরিককে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আইওএম-এর সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টাতেই আটক এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।



















