সোমবার , ২ জুন ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

‘জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ নয়’ – জাতীয় নাগরিক পার্টি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে বলেছেন, “জুলাই সনদের পর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না।”

বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন: ১. জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করতে হবে। ২. চলতি বছরের ৫ আগস্টের আগে জুলাই সনদ কার্যকর করতে হবে। ৩. জুলাই সনদের পরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কার করা উচিত। নির্বাচন কমিশনকেও পুনর্গঠন করতে হবে।”

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠকে জানান, প্রথম পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে।

আজকের বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এনসিপি’র নাহিদ ইসলাম, আখতার হোসেন ও সারোয়ার তুষার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সহ ২৮টি রাজনৈতিক দল অংশ নেয়। এছাড়াও গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়