শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৪, ২০২৫ ৪:৫৯ পূর্বাহ্ণ

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক থেকে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা বলা হলেও, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় কাটছে না। এক্ষেত্রে ‘জুলাই হত্যাযজ্ঞের বিচার’ এবং ‘সংস্কার’ বিষয়ে পর্যাপ্ত অগ্রগতির শর্ত ছিল। তবে এখন পর্যন্ত ‘জাতীয় ঐকমত্য কমিশন’ মৌলিক কিছু বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে। এদিকে, সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দেশের প্রধান বিরোধী দল বিএনপিসহ সমমনা দলগুলো লন্ডন বৈঠকের যৌথ ঘোষণা অনুযায়ী সরকারের দৃশ্যমান উদ্যোগের অপেক্ষায় রয়েছে। এই অনিশ্চয়তা সত্ত্বেও, বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারিকে কেন্দ্র করেই তাদের নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে।

নির্বাচন নিয়ে শঙ্কা: বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ১৩ জুন অনুষ্ঠিত লন্ডন বৈঠকের কোনো প্রতিফলন নির্বাচন কমিশনের কার্যক্রমে দেখা যাচ্ছে না। উপরন্তু, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে কিছু দলের ঐকমত্যকে বিএনপি জাতীয় নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে দেখছে। সম্প্রতি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের এক সমাবেশে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ২৩টি দল এই দাবি জোরালোভাবে তোলে। এই দাবির ভিন্ন মতের কারণে বিএনপি ও তাদের সমমনাদের ওই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি।

সরকারের পক্ষ থেকে চলতি জুলাইয়ের মধ্যে মৌলিক বিষয়গুলোয় ঐকমত্যে পৌঁছানো গেলে ‘জুলাই সনদ’ অথবা ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের আশা দেখানো হয়েছিল। তবে দলগুলোর অনড় অবস্থানের কারণে ‘জুলাই সনদ’ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে ‘জুলাই সনদ’ সইয়ের আশা থাকলেও, তা সেদিন নাও হতে পারে বলে সংশয় রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডন থেকে ফেরার পর প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। যদিও সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সেই বৈঠকে জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনো কথা হয়নি, অসমর্থিত সূত্রগুলো বলছে, সীমিত আকারের স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনাসহ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপির নির্বাচনী প্রস্তুতি: বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হবে ধরে নিয়েই নির্বাচনী যাত্রা সাজাচ্ছে। আওয়ামী লীগ মাঠে না থাকলেও, আসন্ন সংসদ নির্বাচন ‘কঠিন’ হবে মনে করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। যোগ্যতা, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে যারা এগিয়ে থাকবেন, তারাই চূড়ান্ত মনোনয়ন পাবেন। দলের নীতিনির্ধারকরা সর্বোচ্চ সতর্কতা ও যত্ন নিয়ে নির্বাচনী পরিকল্পনা তৈরি করছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী বাছাই, ইশতেহার রচনা, প্রচারসহ সব ক্ষেত্রে সুচিন্তিত পদক্ষেপ নিতে চাইছে বিএনপি। দলটি এককভাবে না জোটগতভাবে নির্বাচন করবে, তা নিয়েও আলোচনা চলছে। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নতুন করে শুরু হওয়া আলোচনায় ঐক্যবদ্ধভাবে নির্বাচনের কথা বলা হলেও, এর কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। বিগত দিনের আন্দোলনে অবদান রাখা দলগুলোকে বিএনপি প্রতিদান দিতে চায় এবং নির্বাচনী ইশতেহার রচনার ক্ষেত্রেও এই বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকেই নির্বাচনী ইশতেহার তৈরি হবে।

হাইকমান্ডের নির্দেশে প্রার্থী বাছাইয়ের পাশাপাশি দল গোছানো ও শৃঙ্খলা আনয়নসহ বিভিন্ন প্রস্তুতি চলছে বিএনপিতে। সূত্র বলছে, তারেক রহমান এবার প্রার্থী বাছাইয়ে খুবই কঠোর অবস্থানে আছেন। দলের দুঃসময়ে নিষ্ক্রিয় থাকা বা ক্ষমতাসীনদের সঙ্গে আপস করা নেতাদের এবার প্রার্থী করা হবে না। একই সঙ্গে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য দিয়ে যারা অপকর্মে জড়িয়েছেন বা যাদের বিতর্কিত কর্মকাণ্ডে দলের ক্ষতি হয়েছে, তারাও প্রার্থী হতে পারবেন না।

সর্বশেষ - জাতীয়

নির্বাচন পিছিয়ে গেলে অনিশ্চিত হবে দেশের ভবিষ্যৎ: দুদু

ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী নিয়োগ

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ অপপ্রচারের অভিযোগ মির্জা ফখরুলের

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা শুরু, প্রধান অতিথি তারেক রহমান

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে চরম হুমকি

কয়লা সংকটে অচল ২৪৪ কোটি ডলারের বিদ্যুৎকেন্দ্র

শিক্ষকদের বেতন-বোনাস আগামীকাল, খোলা থাকবে ৪ ব্যাংক

সীমান্তে বিএসএফের আগ্রাসন আর বরদাস্ত নয়: এনসিপি’র হুঁশিয়ারি

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট ও এমপিদের জোরালো চাপ

ফের গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি