বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৪, ২০২৬ ৮:৪০ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। এ ছাড়া উদ্ধার অভিযান ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যোগ দিয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এর একটি ভবনের পিন সেকশনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং তা কারখানার অন্যান্য অংশ ও আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর, পূবাইল, উত্তরাসহ আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বুধবার দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় বর্তমানে ২০টি ইউনিট কাজ করছে। দুপুর দেড়টার দিকে কারখানার আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ শুরু করে।

তিনি আরও জানান, আগুন নেভানোর কাজে কারখানার ভেতরে থাকা সচল পাম্পের পাশাপাশি আশপাশের বসতবাড়ির পাম্প থেকেও পানি সংগ্রহ করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ - শিক্ষা