হাতিরঝিল চক্রাকার বাস এবং ওয়াটার ট্যাক্সিতে র্যাপিড পাসের মাধ্যমে আধুনিক ই-টিকিটিং ব্যবস্থা আগামী ২০ জুলাই থেকে কার্যকর হচ্ছে। এই স্মার্ট পদ্ধতিটি গত ১৪ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন নিয়মে বাসগুলো এফডিসি পর্যন্ত চলাচল করবে এবং সেখান থেকে পুনরায় হাতিরঝিলে প্রবেশ করবে। এর ফলে যাত্রীরা মেট্রোরেল থেকে কারওয়ান বাজার হয়ে হাতিরঝিল বাস ও ওয়াটার ট্যাক্সিতে একই র্যাপিড পাস ব্যবহার করে সহজে যাতায়াত করতে পারবেন।
ধ্রুব আলম বলেন, র্যাপিড পাস ব্যবহারের জন্য বাসের চারটি এবং ওয়াটার ট্যাক্সির দুটি ঘাট ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিকভাবে মোট ১০টি র্যাপিড পাস মেশিন স্থাপন করা হবে। ওয়াটার বাসের এফডিসি ও পুলিশ প্লাজা ঘাটে মেশিন বসানো হবে এবং গুদারাঘাট ও রামপুরায় আগস্ট মাসে বসানোর পরিকল্পনা রয়েছে। বাসের ১০টি কাউন্টারের মধ্যে এফডিসি, পুলিশ প্লাজা, রামপুরা ও বাড্ডা কাউন্টারসহ মোট ছয়টিতে মেশিন বসানোর কাজ চলছে।



















