ভিয়েতনামের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হা লং বে-তে এক ভয়াবহ বজ্রঝড়ের কবলে পড়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গিয়ে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো ৮ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গালফ নিউজ জানিয়েছে, গতকাল শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। ভিএনএক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে ৪৮ জন যাত্রী এবং ৫ জন নৌকাকর্মীসহ মোট ৫৩ জন আরোহী ছিলেন। যাত্রীদের বেশিরভাগই ছিলেন রাজধানী হ্যানয় থেকে আসা পরিবার, যাদের মধ্যে ২০ জনের বেশি শিশু ছিল।
ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টির সময় নৌকাটি উল্টে যায়। একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর ২টার দিকে আকাশ অন্ধকার হয়ে যায়, এরপর শুরু হয় ‘আঙুল সমান বড় শিলাবৃষ্টি, প্রবল বৃষ্টি, বজ্রপাত ও ঝড়’।
হা লং বে অঞ্চলের সীমান্ত রক্ষীরা নিশ্চিত করেছে যে, তারা ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া এক ১০ বছর বয়সী শিশুর লোমহর্ষক বর্ণনা অনুযায়ী, সে জানায়, “আমি গভীর শ্বাস নিয়ে পানির নিচ দিয়ে সাঁতরে একটি ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসি। পরে সেনাসদস্যদের একটি নৌকা আমাকে টেনে তোলে।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান রাতেও চলবে।
দেশটির আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের পরিচালক মাই ভান খিয়েম জানিয়েছেন, সাম্প্রতিক এই বজ্রঝড়টি দক্ষিণ চীন সাগরে থাকা ট্রপিকাল স্টর্ম উইফা’র সঙ্গে সম্পর্কিত নয়। গত তিনদিন ধরে অঞ্চলটিতে তীব্র তাপপ্রবাহ চলছিল, কোথাও কোথাও তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।
উল্লেখ্য, হা লং বে তার সবুজ জলরাশি ও চুনাপাথরের দ্বীপপুঞ্জের জন্য পরিচিত এবং এটি ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিবছর মিলিয়ন মিলিয়ন পর্যটক এখানে ভিড় করেন।



















