সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ কূটনীতিক জঁ-মার্ক সেরে-শারলে। তিনি পূর্ববর্তী রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। সোমবার ঢাকার ফ্রান্স দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করা তাঁর মূল লক্ষ্য। পাশাপাশি তিনি বাংলাদেশে বসবাসরত ফরাসি নাগরিকদের প্রতিও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

কূটনৈতিক জীবনে জঁ-মার্ক সেরে-শারলে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। তিনি ফ্রান্সের মর্যাদাপূর্ণ প্রশাসনিক শিক্ষাপ্রতিষ্ঠান ইকোল ন্যাশনাল ডি’অ্যাডমিনিস্ট্রেশনের স্নাতক। ঢাকায় যোগদানের আগে তিনি ভারতের মুম্বাইয়ে ফ্রান্সের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ফ্রান্সের জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত বিভাগের উপ-পরিচালক ছিলেন এবং প্রায় ছয় বছর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের প্রতিনিধি দলের সদস্য হিসেবে কাজ করেছেন। এর পাশাপাশি মস্কোতে রাজনৈতিক উপদেষ্টা, রোমে সাংস্কৃতিক উপদেষ্টা, প্যারিসে সংস্কৃতিমন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা এবং নয়াদিল্লিতে উপমিশনপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নতুন রাষ্ট্রদূতের যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়