আগের স্বৈরাচার যে পথে হেঁটেছিল, বর্তমান বিএনপি সরকারও একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিভিন্নভাবে লোভ-লালসা দেখানো হলেও তা প্রত্যাখ্যান করেছেন তারা। বিএনপি অবস্থান পরিবর্তন করলেও বিরোধী দল নিজেদের অবস্থান থেকে সরে আসবে না বলেও জানান তিনি।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর’ উপলক্ষে মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘ইনিয়ে-বিনিয়ে বহু লোভ-লালসা আমাদেরকে দেখানো হয়েছে। এসবের দিকে ফিরেও তাকাইনি, ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। কথা দিচ্ছি, যে কেউ তার ইচ্ছা জাতির সঙ্গে প্রতারণা করুক, বিরোধীদল হিমালয় পর্বতের মতো অটল থেকে লক্ষ্যপানে এগিয়ে যাবে।’
বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, আগের স্বৈরাচার যে পথে হেঁটেছিল, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। এ অবস্থায় বিরোধী দল নীরব দর্শক হয়ে বসে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নানা ধরনের কারসাজি ও অনিয়মের পর জনগণ তাদের যে কয়টি আসন দিয়েছে, সেই আসনের ৮৯ জন সংসদ সদস্য সারাদেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষায় পাহারাদার হিসেবে কাজ করবেন।
শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা কথা দিচ্ছি, বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাব না। জুলাই সনদ আর গণভোটের গণরায় আদায় করেই ছাড়ব।’
জামায়াতের আমির বলেন, জনগণের অধিকার নিশ্চিত করা, ফ্যাসিবাদের পথ বন্ধ করা, বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলা, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য দেশ গড়াই তাদের আন্দোলনের লক্ষ্য।
আন্দোলনে কোনো ষড়যন্ত্রের পরোয়া করবেন না উল্লেখ করে তিনি বলেন, দেশকে ভালোবাসেন বলেই জ্বালাও-পোড়াওয়ের মতো কর্মসূচির পথে যেতে চান না তারা।
২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, ‘আমাদের সন্তানরা ২৪-এ দেখিয়ে দিয়েছে, জ্বালাও-পোড়াও লাগে না। খালি হাতে ঈমানি বল, দেশপ্রেম বুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেলেই ফ্যাসিবাদের পতন হয়।’


















