শুক্রবার , ২৪ জুলাই ২০২৬ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা ভাইরাল সিদ্দিক কে?

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২৬ ৯:০৭ পূর্বাহ্ণ

‘আমার নেতা ভাইরাল সিদ্দিককে রাষ্ট্রপতি পদে দেখতে চাই’— স্বাধীন জনতার কথার একটি সিরিয়াস ফটোকার্ডের নিচে হাস্যরস আর ব্যঙ্গাত্মক দাবির ঝড় উঠেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবরের পর একটি ফটোকার্ডের শিরোনাম ছিল, “রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে চান?” অনেকেই বিএনপির শীর্ষ নেতাদের নাম বললেও বড় একটি অংশ জানাচ্ছেন— তারা রাষ্ট্রপতি পদে ভাইরাল সিদ্দিককে দেখতে চান। কেন এলো ভাইরাল সিদ্দিকের নাম? শুধু এবার নয়, বারবারই রাষ্ট্রপতি প্রসঙ্গ এলেই কী কারণে আলোচনায় আসেন ভাইরাল সিদ্দিক? কে এই ভাইরাল সিদ্দিক?

খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল সিদ্দিক নামের উত্থান বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সময় থেকেই। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মো. সাহাবুদ্দিন যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন, তখন এই পদে ভাইরাল সিদ্দিকও নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন তাকে মনোনয়ন ফরম দেয়নি। মনোনয়ন ফরম না দেওয়ায় আগারগাঁও নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন ভাইরাল সিদ্দিকসহ তিন ব্যক্তি। এছাড়াও তারা রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে আইনি প্রক্রিয়ায় লড়ে যাওয়ার ঘোষণাও দেন।

এরপর সংবাদ সম্মেলন থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাবের সামনে রাষ্ট্রপতি পদে নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য ব্যানার নিয়ে দিনের পর দিন অবস্থান করেন ভাইরাল সিদ্দিক। সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন রাষ্ট্রপতি নির্বাচন করতে চেয়ে তার বক্তব্য ও দাবিগুলো হাস্যরসের জন্ম দেয়। এটাকেই লুফে নেন ফেসবুক ও ইউটিউব ব্যবহারকারীরা।

তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময় তার ওপর হামলাও হয়েছিল। তখন ভাইরাল সিদ্দিক ব্যর্থ হলেও হাল ছাড়েননি। পরবর্তীতে স্বঘোষিত বিসিএসপি নামে একটি রাজনৈতিক দলও গঠন করেন তিনি। রাজনৈতিক দলের ব্যানারে বা নামে-বেনামে রাজধানীর পল্টন মোড় থেকে শুরু করে তোপখানা, হাইকোর্ট ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিভিন্ন সময় বক্তব্য দিতে থাকেন। এতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মজা করে তাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী নেতা হিসেবে অভিহিত করা শুরু করেন।

গত ফেব্রুয়ারির নির্বাচনে রাষ্ট্রপতির পদ খালি না থাকায় প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার কথাও জানিয়েছিলেন ভাইরাল সিদ্দিক। সেগুলো নিয়েও তখন নানা ধরনের ট্রোল হয়েছিল। ওই ট্রোলের সূত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘প্রিয় নেতা’ বলেও পরিচিত। এ কারণেই রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার আলোচনা উঠলেই অনেকেই ভাইরাল সিদ্দিকের নাম উল্লেখ করছেন।

সর্বশেষ - জাতীয়