নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর এলাকায় সিলিন্ডারের পাইপলাইন থেকে গ্যাস লিকেজের কারণে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) রাত ২টার দিকে কাঁচপুরের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন শরিফ, তার স্ত্রী রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পাইপলাইন থেকে গ্যাস লিকেজ হয়ে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণ ঘটে। এতে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। আহতদের স্থানীয় হাসপাতালেও চিকিৎসা দেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, কাঁচপুরের ঘটনায় দগ্ধ চারজনের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


















