দ্বীনি দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
বিমানবন্দরে তাঁকে বিদায় জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, দুই সপ্তাহের এই সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন চরমোনাই পীর। এ ছাড়া স্থানীয় বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটির উদ্যোগে আয়োজিত ইসলামিক সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন তিনি।
সফরকালে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক মুসলিম সংগঠনের নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর।
আটকে পড়া প্রবাসী শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার দাবি
এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাম্প্রতিক হামলার প্রভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ঢাকায় আটকে পড়া প্রবাসী শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সংঘাতের কারণে ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
তিনি বলেন, সীমিত আয়ের এসব শ্রমিকের ঢাকায় থাকা ও খাবারের ব্যবস্থা নেই। তাই মানবিক দিক বিবেচনা করে সরকারকে অবিলম্বে তাঁদের জরুরি আবাসন ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে মাওলানা খলিলুর রহমান আরও বলেন, ফ্লাইট বাতিলের কারণে শ্রমিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এ পরিস্থিতিতে সরকারের মধ্যস্থতায় টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে গন্তব্যে পাঠানোর উদ্যোগ নিতে হবে।


















