বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ২৯, ২০২৬ ৯:৩৬ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে নির্বাচন সুষ্ঠু না হলে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য ১৮৫টি ভোটকেন্দ্রে ৯৮৯টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এরই মধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বর থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবেন ১৯০ জন এসআরবি সদস্য, প্রায় আড়াই হাজার আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা।

সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকারের আশ্বাস

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠান শেষে তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। বিএনপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলনের হুঁশিয়ারি

অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য।

বুধবার ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিভিন্ন অভিযোগ জানাতে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করেন জোটটির নেতারা। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন মাগুরার মতো হলে সরকারের পরিণতি ভালো হবে না।

উপনির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে ভোটগ্রহণের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - শিক্ষা