প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন রথীন্দ্র নারায়ণ দেওয়ান ওরফে কুনু দেওয়ান। তাঁর সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও শঙ্কায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। তাঁকে সুস্থ অবস্থায় ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে শান্তনু দেওয়ান অভিযোগ করে বলেন, তাঁর মা লিপি রানী দেওয়ান অ্যাডভোকেট আব্দুল আজিজ, তাঁর স্ত্রী ও ছেলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছেন। তবে কেউ ফোন রিসিভ করেননি। অন্যদিকে, থানা-পুলিশও এখন পর্যন্ত তাঁর কাকার কোনো সন্ধান দিতে পারেনি বলে দাবি করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শান্তনু দেওয়ান বলেন, রক্তের সম্পর্কের আত্মীয়স্বজন থাকা সত্ত্বেও কী কারণে তাঁর কাকা আব্দুল আজিজকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন, তা নিয়ে তাঁদের যথেষ্ট সন্দেহ রয়েছে।
সংবাদ সম্মেলনে শান্তনু দেওয়ান ও তাঁর মা লিপি রানী দেওয়ান আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রায় তিন মাস ধরে নিখোঁজ রথীন্দ্র নারায়ণ দেওয়ান আদৌ জীবিত আছেন কি না, তা নিয়েও তাঁরা উদ্বিগ্ন। তাঁরা রথীন্দ্র দেওয়ান ওরফে কুনু দেওয়ানকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
এ সময় কান্নাজড়িত কণ্ঠে তাঁরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে বারবার চেষ্টা করেও উপজেলার ডায়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


















