সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীদের বিকল্প পথে সৌদি আরবে পাঠানোর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর অংশ হিসেবে রিয়াদগামী যাত্রীদের মদিনা হয়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকার টিকিট বিক্রয় কাউন্টারে গিয়ে দেখা যায়, বিকল্প ফ্লাইটের টিকিট পেতে ভিড় করেছেন রিয়াদগামী যাত্রীরা। কেউ টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করছেন, আবার কেউ সৌদি আরবে যাওয়ার নিশ্চয়তার অপেক্ষায় রয়েছেন।
আটকে পড়া যাত্রীদের মধ্যে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে চাওয়া প্রবাসীদের পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হতে যাওয়া ব্যক্তিরাও রয়েছেন। নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় তাঁদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। বিকল্প হিসেবে মদিনাগামী ফ্লাইটে যাওয়ার সুযোগ পেয়ে অনেকের উদ্বেগ কিছুটা কমেছে।
যাত্রীরা জানান, নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে দেশে থাকা পরিবারের সদস্যদের ওপরও। এ কারণে বিকল্প পথে সৌদি আরবে যাওয়ার সুযোগ তাঁদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।
তবে এখনো অনেক যাত্রী বিকল্প টিকিট পাননি। বলাকার সামনে অপেক্ষমাণ এসব যাত্রীর উদ্বেগ, কবে টিকিট পাবেন এবং কখন সৌদি আরবে পৌঁছাতে পারবেন।
রিয়াদগামী যাত্রী কামাল হোসেন বলেন, মঙ্গলবার তাঁর ছুটি শেষ। এর মধ্যে তাঁকে রিয়াদে পৌঁছাতে হবে। অন্যথায় চাকরি নিয়ে সমস্যায় পড়তে পারেন। এ ছাড়া তাঁর ভিসার মেয়াদও মাত্র তিন দিন রয়েছে। তাই দ্রুত সৌদি আরবে পৌঁছানো তাঁর জন্য জরুরি।
ভিসার মেয়াদ শেষ হতে যাওয়া যাত্রীদের অগ্রাধিকার
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, সরকারের ঘোষণার পর রিয়াদগামী যাত্রীদের মদিনা হয়ে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যাঁদের ভিসার মেয়াদ দ্রুত শেষ হয়ে আসছে এবং যাঁদের সোমবার রিয়াদগামী ফ্লাইটে যাওয়ার কথা ছিল, তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ ছাড়া বাতিল হওয়া ফ্লাইটের টিকিট কোনো বাতিল ফি ছাড়াই পুনরায় ইস্যু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিকল্প ফ্লাইটে যাত্রার বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরিবর্তিত সময়সূচি জেনে নিতে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
বিমানের বিক্রয় বিভাগের এক কর্মকর্তা জানান, যেসব যাত্রীর ভিসার মেয়াদ আগে শেষ হবে, তাঁদের সৌদি আরবে পাঠানোর বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। মদিনায় পৌঁছানোর পর প্রবাসীরা সড়কপথে নিজ নিজ গন্তব্যে যাবেন।


















