বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ | ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১২, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য হয়। এ সময় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের হইচইয়ে সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন নাহিদ ইসলাম। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে মানুষ বসবাস করতেন এবং বাইরে থেকে কিছু নিক্ষেপ করার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে।নাহিদ ইসলাম বলেন, ‘ওই বাড়ি কোনো পরিত্যক্ত বাড়ি ছিল না, গবাদিপশুর বাড়িও ছিল না। সেখানে মানুষ বসবাস করতেন। গত রাতেও কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন ওই বাড়িতে ছিলেন। গত রাতে মানুষও মারা যেতে পারতেন।’

 

বিরোধীদলীয় চিফ হুইপ আরও জানান, গত কয়েক দিন ধরে নুসরাত তাবাসসুমকে ফোনে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি হামলার হুমকিও দেওয়া হয়েছিল। ঘটনার দুই দিন আগে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নাহিদের মতে, এসব ঘটনা পরস্পর সম্পর্কহীন নয়।তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত ফ্যাসিস্ট শক্তির উল্লাস দেখা গেছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগও এ ঘটনার দায় স্বীকার করেছে বলে দাবি করেন তিনি। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য দিয়ে সংশ্লিষ্টদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছেন।নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আশা করেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন কত ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করবেন এবং বিচার করবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি এসে পুরো ডিনায়াল মোডে গেলেন এবং এই ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।’

 

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং সমন্বয়কদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন। সরকার যদি এ ধরনের ঘটনা অস্বীকার করে, তাহলে বিরোধী দলের আর কিছু বলার থাকে না।তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

 

নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি সংসদে তথ্য-উপাত্ত, ছবি ও ভিডিওসহ বিস্তারিত বক্তব্য দিয়েছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনাটিকে নাশকতা হিসেবে চিহ্নিত করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, ওই বাড়িতে কেউ বসবাস করতেন না, সেখানে দুটি ছাগল ছিল।তিনি জানান, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ঢাকায় ছিলেন। তাঁর মা-বাবা ঘটনাস্থল থেকে প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা বাড়িতে থাকতেন। বাড়িটি সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত।

 

খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান মন্ত্রী।সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলের দেয়াল, ঘরের মেঝে, বৈদ্যুতিক ওয়্যারিং, বাতি ও মিটারের ছবি সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আশপাশের বাসিন্দাদের বক্তব্য নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবির সমন্বয়ে তদন্ত কার্যক্রম চলছে।এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর সংগ্রহ করা বিভিন্ন নথিপত্র সংসদে উপস্থাপন করেন।

 

দুই পক্ষের বক্তব্যের মধ্যেই জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। সংসদ সদস্য হান্নান মাসুদসহ কয়েকজন দাঁড়িয়ে কথা বলতে থাকলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁদের শান্ত থাকার আহ্বান জানান।

 

ডেপুটি স্পিকার বলেন, সংসদ পরিচালনার নির্দিষ্ট পার্লামেন্টারি রীতিনীতি ও চর্চা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের জবাব দিচ্ছেন, তাই তাঁকে বাধা দেওয়া উচিত নয়। বিরোধী দলের সদস্যদেরও পরে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।তিনি আরও বলেন, বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের সময় সবাই মনোযোগ দিয়ে শুনেছেন। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও শোনা উচিত।

 

পরে বক্তব্য অব্যাহত রেখে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কোথাও পেট্রোল বোমা নিক্ষেপ করা হলে সেখানে একটা চিহ্ন থাকবে। সেটা আপনারা তদন্ত করেন। অন্য কোনোভাবে আগুন লাগানো হলে সেটাও তদন্তের পর বলা যাবে।’স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ৭০৩। ঘটনার দুই দিন আগে নুসরাত তাবাসসুম কোনো জিডি করে থাকলে সে বিষয়েও জবাব দিতে তিনি প্রস্তুত বলে জানান।তিনি বলেন, ‘এখানে যদি কোনো রকমের নাশকতা থাকে, আগুন লাগানোর ঘটনা থাকে, তাহলে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি দুর্ঘটনাবশত আগুন লেগে থাকে, সেটাও তদন্ত রিপোর্টের পর বলা যাবে। তদন্ত সমাপ্ত হয়নি, তদন্ত চলছে। কেবল আজকে থেকে শুরু হয়েছে।’

 

মন্ত্রী আরও বলেন, আগের সরকারের আমলের মতো কোনো ঘটনা ঘটলেই কাউকে দায়ী করার সংস্কৃতি থেকে বর্তমান সরকার বেরিয়ে আসতে চায়। এ ঘটনার সঙ্গে ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকলে তদন্তের মাধ্যমে সেটিও বেরিয়ে আসবে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে ঢালাওভাবে দায়ী করা হবে না।

 

সংসদের অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম অগ্নিকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন।তিনি জানান, ঘটনার পর থেকে তাঁরা বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করেছেন। সংশ্লিষ্ট থানার ওসি মন্তব্য করেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। অথচ তিনি নিজে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন এবং দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক দল পৌঁছায়নি বলে জানতে পেরেছেন।

 

ফরেনসিক পরীক্ষা ছাড়াই ওসি কীভাবে পেট্রোল বোমার আলামত নেই বলে মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ।

 

শেষ পর্যায়ে ডেপুটি স্পিকার জানান, জিডির পরিপ্রেক্ষিতে মামলা দায়ের এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রতিবেদন সংসদে উপস্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত থাকলে সে অনুযায়ী প্রতিবেদন উপস্থাপন করা হবে।

সর্বশেষ - শিক্ষা

পূর্বাচল প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড

নির্বাচনের আগে ফ্যাসিবাদীদের বিচার দাবি মামুনুল হকের

রমজানের আগেই নির্বাচন হতে পারে, যদি প্রস্তুতি শেষ হয়: প্রধান উপদেষ্টা

ইরান-ইসরায়েল সংঘাত: বিভেদ সৃষ্টিতে আমেরিকা-ইসরায়েল তৎপর

কুয়ালালামপুর বিমানবন্দরে হাজারো শ্রমিকের দুর্ভোগ

সাইবার বুলিংয়ের জবাব মিলবে ব্যালটে

বন্যায় বিপর্যস্ত ফেনী, পানিবন্দি হাজার হাজার মানুষ

সকালে বহিষ্কার বিকেলে গ্রেপ্তার কৃষকদল নেতা

বাজারে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করছেন এক যুবক, পাশে কিরিচ হাতে অপর দুজন

জাতীয় নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য মোতায়েন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা