মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পরিচালিত এক অভিযানে বাংলাদেশিসহ ৫৯৭ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার রাতে সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়ার মেন্টারি কোর্টে অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট টিমের মাধ্যমে এই আটক অভিযান চলে।
শুক্রবার সকালে ইমিগ্রেশনের উপমহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে বলেন, এই অভিযানে বিভিন্ন সংস্থার ৩৯০ জন কর্মকর্তা ও কর্মী অংশ নিয়েছিলেন। অভিযানকালে মোট ১ হাজার ৫৯৭ ব্যক্তির কাগজপত্র যাচাই-বাছাই করে ৫৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে এবং তাদের মধ্যে ৪৭২ জন পুরুষ ও ১২৫ জন মহিলা রয়েছেন। তারা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মায়ানমার, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নাগরিক।
ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের অতিরিক্ত অবস্থান, পাসের শর্ত লঙ্ঘন এবং অবৈধ নথি ব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃত এসব অবৈধ অভিবাসীকে তদন্ত ও পরবর্তী কার্যক্রমের জন্য ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।



















