সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

নিবন্ধন পরীক্ষা ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিদ্যমান বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন নিয়মে আর নিবন্ধন পরীক্ষা থাকছে না; বরং সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এনটিআরসিএ জানিয়েছে, সংশোধিত বিধি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে তা জারি করা হবে। নতুন কাঠামোতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ বিসিএসের আদলে নিয়োগ প্রক্রিয়া চলবে। অর্থাৎ, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমেই যোগ্য প্রার্থী বাছাই হবে।

বর্তমানে শিক্ষকদের প্রথমে নিবন্ধন পরীক্ষা দিয়ে সনদ নিতে হয় এবং পরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগে আবেদন করতে হয়। এতে অনেক প্রার্থীর বয়সসীমা শেষ হয়ে যায় এবং তারা নিয়োগে অংশ নিতে পারেন না। নতুন বিধিতে এই জটিলতা দূর হবে বলে আশা করছে এনটিআরসিএ।

সংশোধিত বিধি অনুযায়ী, শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। আবার চূড়ান্তভাবে শূন্যপদের চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে উত্তীর্ণ করা হবে, যাতে কেউ যোগদান না করলে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া যায়।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, “এখনকার মতো আলাদা নিবন্ধন পরীক্ষা আর হবে না। নতুন পদ্ধতিতে লিখিত পরীক্ষায় এমসিকিউ ও বর্ণনামূলক প্রশ্ন থাকবে, এরপর মৌখিক পরীক্ষা। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই বয়স গণনা করা হবে। এতে বয়সের বাধাও আর থাকছে না।”

তিনি আরও জানান, এই পরিবর্তন কার্যকর হলে প্রার্থীদের নিবন্ধন সনদ নিয়ে বছরের পর বছর অপেক্ষায় থাকতে হবে না; শূন্যপদ অনুযায়ী সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সর্বশেষ - জাতীয়