শ্রীলঙ্কার জয়েই নিশ্চিত হলো এশিয়া কাপের শেষ চার। আবুধাবিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লঙ্কানরা। তাদের সঙ্গী হয়েছে বাংলাদেশ।
লঙ্কান অধিনায়ক চরিত আসালাঙ্কার ব্যাট থেকে আসা চারেই দলের জয় নিশ্চিত হয়। তবে মূল কৃতিত্ব কুশল মেন্ডিসের ব্যাটে। তার ৭৪ রানের ইনিংসে সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
আফগানিস্তানকে ভরসা জুগিয়েছিলেন অভিজ্ঞ মোহাম্মদ নবী। তার ঝোড়ো ৬০ রানের ইনিংসে দল পায় ১৭০ রানের লড়াইয়ের টোটাল। কিন্তু নুয়ান তুষারার আগুনঝরা বোলিং (৪ উইকেট) এবং লঙ্কানদের ব্যাটিং দৃঢ়তায় শেষ চারের স্বপ্ন ভেঙে যায় আফগানদের।


















